দুর্গাপূজাকে ঘিরে কেনাকাটার বাড়তি চাপ সামাল দিতে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান চালু রাখা যাবে।
তবে ২৩ অক্টোবর থেকে আবার আগের সময়সূচিতে ফিরতে হবে। সেদিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি থাকবে।
দুর্গাপূজার কেনাকাটাকে সামনে রেখে সময় বাড়ানোর দাবি জানিয়ে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।
চিঠিতে ব্যবসায়ীরা জানান, সরকারের জ্বালানি সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা রাত ৮টার মধ্যে সারা দেশের দোকান ও বিপণিবিতান বন্ধ করে আসছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে বিক্রি কম থাকায় ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।
দোকান মালিক সমিতি বলেছে, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবের সময় সাধারণত কেনাকাটা বাড়ে। ফলে এসব উৎসবকে কেন্দ্র করে দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পাবেন। পাশাপাশি দেশে লোডশেডিং পরিস্থিতিও আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এর আগে মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিলে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদ সামনে রেখে দোকানপাট খোলার সময়সীমায় আরও শিথিলতা আনা হয়।
সর্বশেষ গত ১২ আগস্ট দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত চালু রাখার অনুমতি দেয় সরকার। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময় নির্ধারণ করা হয়। একই নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা পুরোপুরি বন্ধ করার কথাও বলা হয়েছিল।
সদ্য সংবাদ/ এআর