ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ও বেল্লাল হোসেন হাওলাদার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর তারা পাশের জমিতে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সৎ বাবা কামাল তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি।
অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল সকালে মায়ের অনুপস্থিতির সুযোগে কামাল তরুণীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে ভয় দেখান।
পরে কামালের পরিচিত ও আত্মীয় বেল্লাল হোসেন ওই ঘটনার একটি ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রায় তিন মাস আগে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই থেকে বিভিন্ন সময়ে বেল্লাল ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর মেয়ের আচরণে সন্দেহ হওয়ায় তার মা নজরদারি শুরু করেন। ওইদিন সকালে মা বাড়ির বাইরে থাকার সময় কামালের কক্ষে তরুণী প্রবেশ করলে তিনি সেখানে গিয়ে তাদের হাতেনাতে ধরার চেষ্টা করেন। এ সময় কামাল তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
পরে মেয়ের কাছে পুরো ঘটনা জানতে পারেন তার মা। এরপর তাকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করেন তিনি।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/ এআর