ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলার জবাবে সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবারের এ অভিযানে সৌদি সামরিক অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, খামিস মুশায়েতের কিং খালিদ বিমানঘাঁটিকে কেন্দ্র করে এ অভিযান পরিচালনা করা হয়। বিমানঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও গোলাবারুদ সংশ্লিষ্ট স্থাপনা হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেন তিনি।
তবে হুথিদের করা এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।
হামলার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ খামিস মুশায়েত ও আভা এলাকায় স্বল্প সময়ের জন্য সতর্কতা জারি করে। এর আগে একই রাতে খামিস মুশায়েত এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন কয়েকটি এলাকাতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
খামিস মুশায়েতের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানান, রাতের দিকে তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতেও দেখেছেন বলে জানান তিনি। হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হুথি মুখপাত্রের দাবি, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলার কয়েকটি খামিস মুশায়েত ও তায়েফের বিমানঘাঁটি থেকে পরিচালিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। পরে রোববার দেশটির দক্ষিণাঞ্চলের শারুরা সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হুথিরা।
এদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূল এবং গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। কয়েকদিনের অভিযানে ওই জলপথে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার দাবি করেছে হুথিরা।
আঞ্চলিক সংঘাতের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ নিয়েও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মানদেবের গুরুত্ব আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষও বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ এবং লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার হুমকি ও অভিযান চালিয়ে আসছে গোষ্ঠীটি।
সূত্র: এএফপি
সদ্য সংবাদ/এসএস