মিস ইউনিভার্স ২০২৬-এর মূল পর্ব থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রাথমিক বাছাই ও দর্শক ভোটের পরও প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মাহির যাত্রা শেষ হলো গ্র্যান্ড ফিনালেতেই।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী এতে অংশ নেন।
এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ ওঠার সুযোগ রাখা হয়েছিল। পিপলস চয়েজ ভোটে ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও এগিয়ে ছিলেন বাংলাদেশের মাহি। তবে ভোটের শেষ ফলাফলে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার এবং প্রাথমিক পর্বের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে নির্বাচিত করা হয় সেরা ৩০ প্রতিযোগীকে। এই তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।
সেরা ৩০ থেকে পরবর্তী ধাপে সুইমস্যুট পর্বের মাধ্যমে বাছাই করা হবে ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মূল্যায়নে নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্সের বিজয়ী। তবে সেরা ৩০-এর তালিকায় নাম না থাকায় এবারের প্রতিযোগিতায় আর এগোনোর সুযোগ থাকছে না বাংলাদেশের সামিরা খান মাহির।
সদ্য সংবাদ/এজে