গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৮:০০
ছবি: সংগৃহীত

গঙ্গার পানি বণ্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে করা ৩০ বছর মেয়াদি চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়ন কিংবা নতুন সমঝোতা নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে বাধ্যতামূলক পানিপ্রবাহের নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছে সরকার।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় থাকলেও আলোচনার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। তবে বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আলোচনার অপেক্ষায় রয়েছে। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির আদলে গ্যারান্টি ক্লজ পুনরায় যুক্ত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

গত রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের অগ্রগতি ও পানিপ্রবাহ পর্যবেক্ষণের তথ্য নিয়ে তৈরি প্রতিবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে বৈঠকে চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির বাসসকে জানান, বৈঠকে বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। চুক্তির কার্যকর বাস্তবায়নের জন্য নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং দুই দেশের মধ্যে যৌথ পর্যালোচনা অব্যাহত রাখা জরুরি।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে দুই দেশের যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ প্রক্রিয়ার মাধ্যমে পানিপ্রবাহ ও বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবছর প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বর্তমান চুক্তিতে ফারাক্কায় পানির প্রবাহের ওপর ভিত্তি করে প্রতি ১০ দিন পরপর দুই দেশের মধ্যে পানি ভাগের বিধান রয়েছে। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে বাংলাদেশ ও ভারত সমান পানি পায়। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে প্রবাহ থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক, বাকিটা ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার বিধানও রয়েছে।

তবে বাংলাদেশের উদ্বেগের জায়গা হলো, নদীতে পানির প্রবাহ কমে গেলে নির্ধারিত হিস্যা পাওয়ার নিশ্চয়তা বর্তমান চুক্তিতে নেই। ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের সময়সীমায় বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ দেওয়ার শর্ত ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। ভারতের সঙ্গে আলোচনার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বানও জানিয়েছেন তিনি।

নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকে একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তবে এখনো বৈঠকের সময় নির্ধারণের বিষয়ে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি প্রয়োজন, যেখানে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে।

নতুন চুক্তি নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের জন্য ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ বজায় রাখা, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহারও পানীয় জল ও শিল্পের প্রয়োজনে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

১৯৯৬ সালের চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, এটি স্বাক্ষরের পর ৩০ বছর কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, নির্ধারিত সময় শেষে চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। নবায়নের জন্য উভয় দেশের সম্মতি প্রয়োজন।

চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে দ্রুত সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য গঙ্গার পানির ওপর অনেকাংশে নির্ভরশীল। পানির প্রবাহ কমে গেলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব এবং নদীর নাব্যতা সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টনে শুধু ভাগাভাগির হিসাব নির্ধারণ যথেষ্ট নয়; শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, তা চুক্তিতে নিশ্চিত করতে হবে। তাঁর মতে, গ্যারান্টি ক্লজ ছাড়া পানির ন্যায্য হিস্যা পাওয়া কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি। এর মধ্যে গঙ্গার পানি বণ্টনেই দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চুক্তি কার্যকর হয়নি। ফলে গঙ্গা চুক্তির পরবর্তী রূপ কী হবে, তা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সমঝোতায় পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি শুষ্ক মৌসুমে প্রবাহের নিশ্চয়তা, তথ্য আদান-প্রদান, পানিসংকট মোকাবিলা এবং বর্ষাকালে অতিরিক্ত পানির ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো চুক্তিতে নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ