ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য সময় নির্ধারণ করে আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে না। কেউ এ নিয়ম অমান্য করলে দিতে হবে ১ হাজার ৫০০ টাকা জরিমানা। এমনকি কারাদণ্ডেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকে কথা বলছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বাজারের মানুষের উদ্দেশে কমিটির সিদ্ধান্তের কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজারে কেউ ভিক্ষা করতে পারবেন না। নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি কারাদণ্ডের কথাও উল্লেখ করেন তিনি।
এমন ঘোষণার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা ফকির কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন।
সদ্য সংবাদ/এসএস