বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, বিদেশ থেকে দেওয়া বিভিন্ন নির্দেশনা ও উসকানিতে পড়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বিপদে পড়ছেন।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিবেশী দেশে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই তাঁকে ফেরত চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু দণ্ডপ্রাপ্ত আসামি নয়, চুক্তির আওতায় অন্যান্য আসামিকেও কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরত চাওয়ার সুযোগ রয়েছে। এটি দুই দেশের মধ্যে প্রচলিত একটি নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও বিভিন্ন দেশ থেকে আসামি ফেরত আনে এবং অন্য দেশগুলোকেও আসামি ফেরত দিয়ে থাকে।
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে থাকা দলটির নেতারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে লুকিয়ে থাকা নেতাকর্মীদের আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যারা সামাজিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তারাও নতুন করে ঝুঁকিতে পড়ছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবোঝাই একটি জাহাজ আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না। সাংবাদিকের কাছ থেকেই প্রথম বিষয়টি শুনেছেন।
অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো তাঁর সঙ্গে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির কয়েকজন নেতার সাক্ষাৎ হয়েছে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে আলোচনা করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস