বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ইউনিটটির রক্ষণাবেক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় ইউনিটটির বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা, মেরামত ও প্রয়োজনীয় সার্ভিসিং করা হবে। ভবিষ্যতে যান্ত্রিক ত্রুটি এড়াতে নেওয়া হবে প্রতিরোধমূলক ব্যবস্থাও।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের পরিকল্পনায় গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
গোড্ডার বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। একটি ইউনিট বন্ধ থাকলেও অন্যটি চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
ফলে রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে দ্বিতীয় ইউনিটের প্রকৃত উৎপাদন এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ নির্ভর করবে এর সক্ষমতা ও জাতীয় গ্রিডের চাহিদার ওপর।
উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত এ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়। তাই একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ থাকায় কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা কমে আসবে। তবে এ রক্ষণাবেক্ষণ পূর্বনির্ধারিত হওয়ায় বিষয়টি নিয়ে আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস