বিনোদনজগতে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও সাজসজ্জা দিয়েও ভক্তদের নজর কাড়েন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি। এবার বিয়ের কনের সাজে নতুন এক রূপে ধরা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ব্রাইডাল লুকের একটি ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। এক মিনিটের ভিডিওটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই দর্শকসংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ভিডিওতে ঐতিহ্যবাহী লাল শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। শাড়িজুড়ে সোনালি কারুকাজের সঙ্গে মাথায় ছিল মানানসই ওড়না। কপালের টিকলি, গলায় একাধিক গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়িতে পূর্ণ হয়েছে তার বিয়ের সাজ। সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে ছিল পরিপাটি মেকআপ।
লাল পর্দা ও ঝাড়বাতির নান্দনিক পরিবেশে ধারণ করা ভিডিওতে কখনো আয়নার সামনে, কখনো ওড়নার আড়ালে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন পূর্ণিমা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, বয়স বাড়লেও কীভাবে এমন সজীব ও আকর্ষণীয় রূপ ধরে রেখেছেন তিনি।
প্রায় ৩০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পূর্ণিমা। যদিও সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। ২০২৪ সালে ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা যায় তাকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেন এই অভিনেত্রী।
সদ্য সংবাদ/এসএস