দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ, গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীকে একই চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ আদর্শে সবাই এক থাকলে কোনো শক্তির পক্ষেই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে সশস্ত্র বাহিনী জাতীয় স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় সাহসী ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি এসব অপচেষ্টা প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। এ জন্য জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রতিরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াতে হবে। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থার উন্নয়নে কাজ করবে সরকার।
তিন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়নের কথাও জানান তিনি। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা স্মরণ
বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। মুক্তিযুদ্ধে শহীদ ও বীরত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। পরবর্তী সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। অন্যদিকে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনায় দেশের সশস্ত্র বাহিনীকে গভীর ক্ষতির মুখে পড়তে হয়েছিল।
শান্তিরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় প্রশংসা
দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ জাতীয় দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সদস্যদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত তারেক রহমান
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি জানান, সেনানিবাসের সঙ্গে তাঁর মায়ের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটি ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ।
এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। অনুষ্ঠানে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের স্বজনরাও সংবর্ধনায় অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস