নাটোরের নলডাঙ্গা উপজেলায় সেচের কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া কাঠুয়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে কোনো একসময় গ্রামের মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে ট্রান্সফরমারটি নিয়ে যায় দুর্বৃত্তরা। এলও.৪ডি.১০২.২ নম্বর বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমারটি মূলত কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত হতো।
ট্রান্সফরমারটি চুরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার সেচব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে চলমান কৃষিকাজে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হতে পারে।
ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বেলাল উদ্দিন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। এরপর প্রয়োজনীয় তথ্যসহ লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবেন।
অন্যদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেচের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এজে