দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়ানো হয়েছে। তবে পাম তেলের দাম আগের মতোই রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা হয়েছে। আর খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫ টাকা।
অন্যদিকে, খোলা পাম তেলের লিটারপ্রতি দাম ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আমদানি, ঋণপত্র খোলা এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওপর একটি প্রতিবেদন তুলে ধরে। এসব তথ্য পর্যালোচনা করে বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে জানান, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেন তারা।
আসন্ন রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারের দাম এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের প্রস্তাবও দেন ব্যবসায়ীরা।
এদিকে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের বেশি বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস