দেশের বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য মজুত বাড়াতে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ দুই পণ্য সংগ্রহে মোট ১৮২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পণ্য দুটি কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সভায় প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ হাজার টন চিনি সংগ্রহে ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। ৫০ কেজির বস্তায় সরবরাহ করা এই চিনির প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের কাছ থেকে চিনি কেনার দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।
এদিকে, একই পরিমাণ অর্থাৎ ১০ হাজার টন মসুর ডাল কিনতে সরকারের ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম নির্ধারিত হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ডাল সংগ্রহের প্রস্তাব সুপারিশ করেছে কমিটি।
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য কেনা হবে। প্রস্তাব দুটি চূড়ান্ত অনুমোদন পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মোট ২০ হাজার টন চিনি ও মসুর ডাল সংগ্রহ করবে সরকার।
সদ্য সংবাদ/এজে