সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. সুমন সরকার (৩৪) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত ২টা ৫০ মিনিটের দিকে সুমন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আনুমানিক ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
সুমন সরকার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত কাবের সরকারের ছেলে। একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত পাঁচ বছরে কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছিল। সুমনের মৃত্যুর পর সেই সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
জেল সুপার আরও জানান, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সুমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে স্বামীর মৃত্যুর খবর পেলেও এর সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি বলে জানিয়েছেন সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাঁর ভাইয়ের মোবাইল ফোনে কারাগার থেকে মৃত্যুর খবর জানানো হয়। কিন্তু কী কারণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাঁদের কিছু বলা হয়নি।
সদ্য সংবাদ/এসএস