দেশের খাদ্য মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে দেশটি থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির প্রস্তাবটি অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।
খাদ্য মন্ত্রণালয়ের এ আমদানি প্রস্তাবে মূল পরিমাণের পাশাপাশি প্রয়োজনে আরও ১০ শতাংশ গম কেনার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত পরিমাণের অতিরিক্ত গম আমদানির প্রয়োজন দেখা দিলে সেই সুযোগও কাজে লাগানো যাবে।
গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে নির্ধারিত দামে গম সংগ্রহের পাশাপাশি দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রয়োজনীয় মজুত নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে