যুবলীগের এক নেতাকে থানা থেকে মুক্ত করাতে তদবির করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষা দেওয়ার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে মুক্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের অভিযোগ, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করেছিলেন মোস্তফা হাওলাদার মুক্তা। বিষয়টিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষায় তাঁর ভূমিকা হিসেবে বিবেচনা করেছে সংগঠনটি।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস