রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন পল্লবী সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতী পরিবহনের বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন দেয়।
পরে স্থানীয় বাসিন্দারা বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস