ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য বাস্তবে কোনো উদ্যোগ নিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকার লক্ষ্যেই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, সেগুলো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের কর্মকাণ্ডকে রাজনীতির সঙ্গে মেলানোর সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেভাবে তিনি দেশ ছেড়েছিলেন, একইভাবে ফিরে আসতে চান বলে মনে হচ্ছে। তবে তাঁর প্রত্যাবর্তন ও বিচারের বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
এ সময় ভারতের গণমাধ্যমের সংবাদ পরিবেশনা নিয়েও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে সংবাদ প্রকাশ করে।
সদ্য সংবাদ/এসএস