আগামী ২০২৭ সালের জ্বালানি চাহিদা পূরণে ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব জ্বালানি আমদানিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবগুলো তোলা হয়। সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের সুপারিশ পায়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় এ জন্য ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এতে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে।
একই প্রতিষ্ঠানকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
অন্যদিকে, পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে রয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।
চারটি প্রস্তাবের মধ্যে অকটেন আমদানির দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে। পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।
প্রতিটি প্যাকেজের প্রস্তাবিত আমদানির পরিমাণে ১০ শতাংশ কম-বেশির সুযোগ রাখা হয়েছে। চারটি প্রস্তাবের অনুমোদনের সুপারিশের মধ্য দিয়ে আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়ায় অগ্রগতি হলো।
সদ্য সংবাদ/এজে