আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার বাজারদর সহনীয় রাখতে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্তে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কও ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে শুল্ক কমানোর বিষয়টি জানায় এনবিআর। সংস্থাটির প্রত্যাশা, করভার কমলে আমদানিকারকেরা এসব ফল আমদানিতে উৎসাহিত হবেন। এতে বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দাম নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। এর ফলে ফলটির মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসবে।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এ ক্ষেত্রে সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। নতুন ব্যবস্থায় এ দুটি ফলের মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর থাকবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি-নির্ভর ফলগুলোর শুল্ক কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
দেশে আপেল আমদানির পরিসংখ্যানে ওঠানামা দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে দাঁড়ায়। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে আমদানি বেড়ে হয় ১ লাখ ৮১ হাজার টন।
কমলার আমদানিতে অবশ্য নিম্নমুখী প্রবণতা রয়েছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে নেমে আসে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানির পরিমাণ আরও কমে দাঁড়ায় ১ লাখ ৫৪ হাজার টনে, যা উল্লেখিত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
এনবিআর মনে করছে, শুল্ক ছাড়ের ফলে রমজানের আগে ফলগুলোর আমদানি ও সরবরাহ বাড়বে। তবে আমদানি পর্যায়ে কর কমানোর সুবিধা খুচরা বাজারে কতটা প্রতিফলিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, শুল্ক কমার পুরো সুবিধা সব সময় ক্রেতাদের কাছে পৌঁছায় না।
সদ্য সংবাদ/এজে