চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত ৭টা ২৫ মিনিটের দিকে রমজান আলীর রাইস মিলের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কটাপাড়া গ্রামের মৃত এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মানিকুল (৩৮) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট গোঠাপাড়া গ্রামের মো. ইসাহাকের ছেলে মো. শিহাব উদ্দীন (২২)।
জেলা পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে জেলা পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিয়ে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস