২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফল পরিবর্তিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে সংশোধিত ফল প্রকাশ করে।
পুনর্নিরীক্ষণের পর কতজন অকৃতকার্য শিক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা বোর্ডভিত্তিক ফলাফলে জানা যাচ্ছে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়। ফলে প্রচলিত নিয়মে নম্বরের যোগ-বিয়োগ বা গণনাগত ভুল যাচাইয়ের বাইরে শিক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়নও পুনরায় পর্যালোচনা করা হয়েছে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত মূল ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন।
মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র যাচাইয়ের জন্য জমা পড়ে।
বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয় ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের। এরপর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি এবং রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
এ ছাড়া যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।
সংশোধিত ফল জানতে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস