শিক্ষার্থীদের আঁকার চর্চায় উৎসাহিত করা এবং তাদের ভেতরে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভা তুলে ধরতে দেশজুড়ে আর্ট এক্সিবিশন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আর্ট বাংলাদেশ’ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৮ নভেম্বর) অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে ‘আর্ট বাংলাদেশ’ নামের এ কর্মসূচি বাস্তবায়িত হবে। মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যক্রমটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তরের মতে, পাঠ্যক্রমের বাইরেও শিক্ষার্থীদের সৃজনশীল কাজের সুযোগ তৈরি করা প্রয়োজন। চিত্রাঙ্কন ও প্রদর্শনীর মতো আয়োজন তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করার পাশাপাশি সুপ্ত প্রতিভা প্রকাশের ক্ষেত্র তৈরি করবে।
তবে কর্মসূচি বাস্তবায়নে নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। এ জন্য প্রতিটি জেলার কার্যক্রমের প্রতিবেদন তিন মাস অন্তর ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালকের কাছে মাউশির শারীরিক শিক্ষা বিভাগে জমা দিতে হবে।
এ ছাড়া চিঠির সঙ্গে আর্টপেপারের চাহিদাপত্র ও কার্যক্রম পরিচালনার নিয়মাবলি পাঠানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে মাউশির পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস