সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মাত্র সাত দিনে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া অপরাধের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৩টি আবাসন আইন লঙ্ঘনের ঘটনা। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন অমান্যের ২ হাজার ৩৫৩টি ঘটনা চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে। আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় কিংবা কর্মসংস্থানে সহযোগিতার অভিযোগে আটক হয়েছেন ২৯ জন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৮১৩ জন এবং নারী ২ হাজার ২৯৩ জন।
আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ হাজার ১৩৯ জনকে সৌদি আরব ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
অবৈধ অভিবাসন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা, আশ্রয় প্রদান, পরিবহন কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া এসব অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।
সূত্র: গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)
সদ্য সংবাদ/এসএস