স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রোববার (৮ নভেম্বর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের ক্রীড়াঙ্গনে অবদানের কথা তুলে ধরেন তিনি।
বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে প্রতিযোগিতামূলক আয়োজন বাড়ানোর প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ফুটবলাররা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করার মতো নতুন খেলোয়াড় উঠে আসবে।
সদ্য সংবাদ/এসএস