বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সংসদীয় যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্যে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তিনি। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশের স্পিকার।
এ সফরে হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে রয়েছেন পাঁচ সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের মধ্যে আছেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সফরকালে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পেতে পারে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস