সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৪:২১:৪৫
ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ সৈনিকদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। নতুন কাঠামোয় পদ ও ধাপ অনুযায়ী সৈনিকদের মূল বেতন সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছানোর সুযোগ থাকছে।

গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ জারির মাধ্যমে নতুন বেতন কাঠামোর নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০১৬ সালের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।

নতুন নির্দেশনা বিশ্লেষণে দেখা যায়, সর্বনিম্ন পর্যায়ের সদস্যদের বেতন বৃদ্ধির হার ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। আর বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন কাঠামোয় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকর্তা ও সৈনিকদের মধ্যে বেতনবৈষম্য নিয়ে নানা আলোচনা চলছে। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

পদভেদে নতুন বেতন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের আগের ২২ হাজার ৫০০ টাকার বেতন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এ ছাড়া অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেনের মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বেতন কাঠামো বাস্তবায়নের প্রথম ধাপেও নিম্ন পর্যায়ের সদস্যদের ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ কার্যকর করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়নের হার রাখা হয়েছে ৫০ শতাংশ। পাশাপাশি চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ভাতা বাড়ানো এবং নতুন চারটি ভাতা যুক্ত করার কথাও জানানো হয়েছে।

অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ন্যূনতম নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বয়স অনুযায়ী চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি বেতন কাঠামো নিয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির প্রস্তাব দিয়েছে। বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

তবে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনার পাশাপাশি বাহিনীর নিম্নপদস্থ সদস্যদের দীর্ঘদিনের কিছু কাঠামোগত দাবিও সামনে এসেছে। বিশেষ করে হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেলের মধ্যে সমন্বয়, পদোন্নতির সুযোগ এবং দীর্ঘদিন একই পদে কর্মরত সদস্যদের আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, বেসামরিক প্রশাসনে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাওয়ার মাধ্যমে কর্মীরা পরবর্তী গ্রেডের বেতন কাঠামোয় প্রবেশের সুযোগ পান। কিন্তু সশস্ত্র বাহিনীতে পদোন্নতি অনেকাংশে নির্ভর করে শূন্যপদ ও যোগ্যতার ওপর। ফলে পদোন্নতি না হলে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত অনেক সদস্যকে একই পদে থেকে বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নির্ভর করতে হয়। এ ক্ষেত্রে ১৯ থেকে ২০টি ধাপে বেতন বৃদ্ধির সুযোগ থাকলেও দীর্ঘদিন একই পদে থাকা সদস্যদের আর্থিক অগ্রগতি নিয়ে অসন্তোষ রয়েছে।

এ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও কর্মজীবনের কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। বাহিনীর কমান্ড ব্যবস্থা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট যোগ্যতা এবং শূন্যপদের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না হলেও সদস্যদের বেতন যেন থেমে না থাকে, সে জন্য একাধিক ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে একই পদে থেকেও একজন সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে।

দীর্ঘদিনের কাঠামোগত অসামঞ্জস্য দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটি সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালুর সুপারিশ করেছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা এবং সদস্যদের বিভিন্ন দাবি নিষ্পত্তির জন্য একটি সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী