স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আওয়ামী লীগ: শফিকুল আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৬:০৮:৪৯
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কঠোর ব্যবস্থা না নিয়ে দলটির কর্মকাণ্ড পর্যবেক্ষণের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তাঁর দাবি, আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পড়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন বিশ্লেষণ তুলে ধরেন তিনি।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম পদক্ষেপ না নেওয়ায় সরকারের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকে এটিকে সরকারের দুর্বলতা হিসেবে দেখলেও তাঁর মতে, এটি ছিল সালাহউদ্দিন আহমেদের পরিকল্পিত রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডই শেষ পর্যন্ত দলটির রাজনৈতিক অবস্থানকে আরও সংকুচিত করেছে।

পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের পরিচয় যাচাইয়ের মতো কর্মকাণ্ডে জড়িয়েছে। এসব ঘটনার দৃশ্য জনমনে আতঙ্ক তৈরি করলেও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে তা আওয়ামী লীগের জন্য নেতিবাচক হয়েছে বলে মনে করেন তিনি।

শফিকুল আলমের অভিযোগ, এসব সহিংসতায় পাঁচজনের মৃত্যু হয়েছে, বিভিন্ন বাসে আগুন দেওয়া হয়েছে এবং পেট্রোল বোমা ও মোলোটভ ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কোনো অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে সাবেক এই প্রেস সচিব বলেন, সহিংসতা ওই অঞ্চলের বাইরে বড় পরিসরে ছড়িয়ে পড়েনি। পরে সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানকে সেখানে পাঠান। নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীদের অনেকে অন্য জেলায় চলে গেছেন বলে তাঁর পোস্টে উল্লেখ করা হয়।

বিএনপির রাজনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই উদ্যোগ আওয়ামী লীগ এবং দলটির সমর্থকদের জন্য অপ্রত্যাশিত ছিল। জামায়াতে ইসলামীর আমিরও এতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর জামায়াত ও তাদের মিত্ররা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

তিনি আরও দাবি করেন, সংসদে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সমন্বয় দেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে। এতে আওয়ামী লীগের সামনে রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ আরও সীমিত হয়েছে। সহিংসতা বাড়ালে দলটি সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে শফিকুল আলমের বক্তব্য, দলটির সামনে সহিংসতা থেকে সরে এসে রাজনৈতিক বাস্তবতা বিবেচনার বিকল্প রয়েছে। তাঁর মতে, সংঘাত বাড়ানোর চেষ্টা করলে প্রাণহানি ও জনরোষের ঝুঁকি তৈরি হতে পারে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, ভারতে তাঁর অবস্থান এবং ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতি নিয়েও মত দেন শফিকুল আলম। তিনি মনে করেন, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় থাকতে পারে। এরপর ভারত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিষয়ে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে বলে ধারণা দেন তিনি।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী