ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ ও বৃদ্ধ, সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিলের মতো ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনও তারা দেশে টিকে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। কিন্তু তা কি সম্ভব? দেশে ফিরতে চাইলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
তিনি আরও বলেন, অতীতে দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলেও ‘ভালো আওয়ামী লীগের’ কেউ তখন কথা বলেননি কেন? অথচ এখন অনেকেই ভালো সাজার চেষ্টা করছেন। জাতি আপনাদের ভালো করেই চিনে নিয়েছে। নতুন করে ভালো সাজার চেষ্টা করবেন না।
‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার অবস্থান থেকে সরে এলেও বিরোধী দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।
বক্তব্যের একপর্যায়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের জন্য অত্যন্ত গর্বের। তবে দেশে ফেরার সময় বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে তাঁদের হয়রানি ও দুর্ভোগের শিকার হতে হয়। এটি পুরো জাতির জন্য লজ্জার বিষয়।
জুলাই আন্দোলন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কখনোই জামায়াত নেয়নি। অনেকেই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। অথচ কেউ কল্পনাও করেননি, এই আন্দোলনের মধ্য দিয়ে এভাবে সরকারের পতন হতে পারে।
সদ্য সংবাদ/ এরআর