বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর অভিযোগ, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। পোস্টে আবু হানিফ দাবি করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের এই নেতা।
আবু হানিফ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণেই ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। অথচ তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার বিষয়টি উঠে আসছে বলে দাবি করেন তিনি। ফজলুর রহমানের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গও পোস্টে তুলে ধরেন আবু হানিফ।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সমালোচনা করে আবু হানিফ বলেন, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি। তবে সংসদ সদস্য হওয়ার পর সরকারের বিরুদ্ধে তাঁর দেওয়া বক্তব্যে ভুল তথ্য রয়েছে বলে অভিযোগ করেন আবু হানিফ।
তিনি আরও দাবি করেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের মতো ভূমিকা পালন করছেন। পোস্টে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে থানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা-ভাঙচুরের প্রসঙ্গও উল্লেখ করেন আবু হানিফ।
তাঁর অভিযোগ, এসব ঘটনার বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।
পোস্টের শেষাংশে আবু হানিফ মন্তব্য করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন।
সদ্য সংবাদ/এসএস