প্রশাসনিক রূপান্তরের জটিলতায় ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় জমির নামজারি বা খারিজ (ই-মিউটেশন) কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। নতুন উপজেলা ঘোষণার পর ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিতে সীমানা নির্ধারণ, বালাম বইয়ের রেকর্ড পৃথকীকরণ ও অনলাইন সার্ভারসংক্রান্ত কারিগরি সমন্বয়ের অভাবে মাসের পর মাস ঘুরছেন সাধারণ সেবাগ্রহীতারা। ফলে জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির জরুরি বণ্টনপ্রক্রিয়া আটকে গেছে। এ দাপ্তরিক জটিলতায় ভূল্লী অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন চরম হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
স্থানীয় ভুক্তভোগী ও দলিল লেখকদের সূত্রে জানা যায়, ভূল্লী উপজেলা গঠনের আগে এ অঞ্চলের ইউনিয়নগুলো ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিসের (সহকারী কমিশনারের কার্যালয়) অধীনে পরিচালিত হতো। কিন্তু নতুন উপজেলা ঘোষণার পর ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিতে মৌজা ও খতিয়ানের তথ্য নতুন প্রশাসনিক কোডে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়।
দুর্ভোগের বিষয় হলো, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন ভূমি অফিসের পূর্ণাঙ্গ জনবল কাঠামো প্রস্তুত করা সম্ভব হয়নি। সরকারি ‘স্মার্ট ভূমি সেবা’ পোর্টালে আবেদন করতে গেলে কারিগরি ত্রুটির কারণে অনেক সময় ভূল্লী অঞ্চলের মৌজাগুলো সঠিকভাবে প্রদর্শিত হয় না। ফলে শত শত আবেদন সদর উপজেলা ও ভূল্লী কর্তৃপক্ষের দপ্তরে আটকে রয়েছে।
জমির নামজারি করাতে না পারায় এ অঞ্চলের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। অনেকে জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে চিকিৎসা বা সন্তানের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না। আবার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ব্যাংকে জমি বন্ধক রেখে ঋণ নিতে গিয়ে নামজারির হালনাগাদ পর্চা না থাকায় খালি হাতে ফিরে আসছেন।
এদিকে, প্রশাসনিক এ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মাঠে নেমেছে একশ্রেণির মধ্যস্বত্বভোগী ও দালালচক্র। সার্ভারের জটিলতা দূর করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ ও অসহায় মানুষের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ভূল্লী বাজারের স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা ঘোষণার পর তাঁরা ভেবেছিলেন সরকারি সেবা তাঁদের দোরগোড়ায় পৌঁছাবে। কিন্তু এখন সামান্য জমির নামজারি করাতে মাসের পর মাস সদর ও ভূল্লী ভূমি অফিসে ঘুরতে হচ্ছে। এ রূপান্তর তাঁদের জন্য আশীর্বাদের চেয়ে ভোগান্তিই বেশি তৈরি করেছে। দ্রুত একজন স্থায়ী সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ এবং নিরবচ্ছিন্ন অনলাইন সেবা চালুর দাবি জানান তাঁরা।
হাসান নামে এক ব্যবসায়ী বলেন, ‘জমির নামজারি বন্ধ থাকায় আমি জমি বিক্রি করতে পারছি না। জরুরি ভিত্তিতে আমার কিছু টাকার প্রয়োজন। এখন আমি কী করব? দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান চাই।’
ভূল্লী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক বাবুল জানান, নামজারি বন্ধ থাকায় এখন দলিল সম্পাদনের কাজ কমে গেছে। এতে দলিল লেখকরাও বেকায়দায় পড়েছেন। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।
এ বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগছে। ভূমিসংক্রান্ত সেবায় যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং দ্রুত নামজারি সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অতিরিক্ত অর্থ লেনদেন না করে সরাসরি সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে সেবা নেওয়ার জন্য সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, নতুন উপজেলা ঘোষণার পর ডিজিটাল ডেটাবেজ স্থানান্তর ও বালাম বইয়ের রেকর্ড পৃথকীকরণে কারিগরি কারণে কিছুটা সময় লাগে। ভূল্লী অঞ্চলের সাধারণ মানুষের এ সাময়িক ভোগান্তির বিষয়ে তাঁরা অবগত আছেন। ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় সার্ভার জটিলতা নিরসন করে দ্রুত নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হবে।
সদ্য সংবাদ/ এরআর