তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক এবং আলোচনার মাধ্যমে এ খাতের সমস্যার সমাধান করতে চায়।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, তৈরি পোশাক খাতের কয়েকটি ক্ষেত্রে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সরকার শ্রমিকবান্ধব নীতিকে গুরুত্ব দিচ্ছে। শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের প্রতি সরকারের আস্থা রয়েছে। আলোচনার ভিত্তিতে দ্রুত একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি কাঠামো নির্ধারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার পেছনে রাজনৈতিক ইন্ধন ও একটি গোষ্ঠীর অনুপ্রবেশের বিষয় রয়েছে। সরকার সহনশীল অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো মেটাতে চায়। দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পোশাকশিল্পে চলমান অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বলে তিনি মনে করেন। এর মাধ্যমে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ শিল্পের সুরক্ষা নিশ্চিত করা সরকার, শ্রমিক ও মালিক সব পক্ষের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণে সরকার কাজ করছে। চলতি বছরের বাজেটেও শ্রমিক ও পোশাকশিল্পের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড দেশের পোশাকশিল্পের পাশাপাশি নারীর ক্ষমতায়নকেও বাধাগ্রস্ত করতে পারে। বাংলাদেশের অর্থনীতি ও শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস