শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের খানকান্দি এলাকার প্রায় ৮০ বছর বয়সী সিরাজ দেওয়ান আর নেই। দীর্ঘ ১২ বছর শয্যাশায়ী থাকার পর আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
একসময় তাঁর জীবন কাটত বিছানায়। নিজের হাতে খাবার তুলে নেওয়া কিংবা স্বাভাবিকভাবে চলাফেরা—কোনোটিই সম্ভব ছিল না। দীর্ঘ ১২ বছর ধরে তাঁর পাশে থেকে সেবা-যত্ন করেছেন প্রায় ৮০ বছর বয়সী স্ত্রী আইফল বিবি।
নিজের বয়সের ভার ও অসহায়ত্ব উপেক্ষা করে স্বামীর মুখে খাবার তুলে দিতে অনেক সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার চাইতে হতো তাঁকে। কেউ চাল দিতেন, কেউ খাবার, আবার কেউ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতেন। মানুষের কাছ থেকে পাওয়া সেই খাবারই তুলে দিতেন শয্যাশায়ী স্বামীর মুখে।
তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল অন্যের জমিতে গড়ে ওঠা একটি ভাঙাচোরা ঘর। টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ত। অভাব, অনিশ্চয়তা আর নানা প্রতিকূলতার মধ্যেই কাটছিল তাঁদের জীবন।
এই বৃদ্ধ দম্পতির জীবনসংগ্রামের গল্প সম্প্রতি সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল। তাঁদের অসহায়ত্ব, আইফল বিবির স্বামীর প্রতি ভালোবাসা এবং মানবিক সহযোগিতার প্রয়োজনীয়তা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সিরাজ দেওয়ান। রেখে গেলেন দীর্ঘদিনের জীবনসঙ্গী আইফল বিবিকে। যে মানুষটির মুখে খাবার তুলে দিতে দিনের পর দিন সংগ্রাম করেছেন তিনি, আজ সেই মানুষটিই চিরবিদায় নিয়েছেন।
সিরাজ দেওয়ানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত স্ত্রী আইফল বিবিকে এ শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
সদ্য সংবাদ/ এরআর