দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে সচিবালয়ে পৌঁছেছে।
বেলা ১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে রয়েছেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
সম্প্রতি জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
একই দিনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত আলোচনাও হয়।
সেই উদ্যোগের অংশ হিসেবে এবার ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী। এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠককে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস