দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ সরবরাহ শুরু হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার এই ধাপে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা চলতে পারে।
এই পরীক্ষার মূল লক্ষ্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে বিদ্যুৎ সরবরাহের কারিগরি দিকগুলো যাচাই করা। এ সময় কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনব্যবস্থার কার্যকারিতাও পরীক্ষা করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পর টানা সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদন কার্যক্রম চলে। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। পরে রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযুক্তির সফলতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, পরীক্ষামূলক সরবরাহের সময় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে। গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরবর্তী সময়ে সরবরাহের পরিমাণ কমিয়ে ৩০০ মেগাওয়াটে রাখা হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এজে