রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে আসায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে তার প্রকৃত সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
আসলামের সাম্প্রতিক বিদেশযাত্রার চেষ্টা এবং কয়েক দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার যাতায়াতসংক্রান্ত বিস্তারিত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছেই রয়েছে।
এ ছাড়া তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, এনএসআইয়ের নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু তদন্তাধীন, আবার কয়েকটির বিষয়ে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব তথ্য পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে ডিবি।
দীর্ঘদিন ধরে সুইডেন আসলামকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে ডিএমপির নজরদারি ও গ্রেপ্তার অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। নজরদারি মানে কাউকে ছাড় দেওয়া নয়; গ্রেপ্তারের উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
টিটন হত্যা মামলায় আসলামের নাম আসার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি এখনো তদন্তাধীন।
সদ্য সংবাদ/এজে