প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন দলটির নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে আলোচনা শেষ হলে এনসিপির প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগের দিন রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে ফেরার পরদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি ও দলের নেতারা।
সদ্য সংবাদ/এজে