যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে খুলনা বিভাগের ১০ জেলা থেকে মোট ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৬২ হাজার ১২৪ জন। এদের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে খুলনায়। এ জেলা থেকে ৭ হাজার ৪৯৪ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেবে। দ্বিতীয় অবস্থানে থাকা যশোরে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২৭৫ জন। এ ছাড়া ঝিনাইদহে ৫ হাজার ১০৬, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২, বাগেরহাটে ৩ হাজার ৪৫, মাগুরায় ২ হাজার ৬৭৬, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪, নড়াইলে ১ হাজার ৮১৩ এবং মেহেরপুরে ১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী জানিয়েছেন, পুনঃপরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ফরম পূরণ করলেও আজও কয়েকজন নতুন করে এ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরীক্ষার কেন্দ্র নির্ধারণের বিষয়ে তিনি জানান, বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় কেন্দ্র থাকবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি এমন উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক কেন্দ্রের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে