রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকা ঘুরে ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করা চীনা নাগরিকদের সাম্প্রতিক সময়ে আর দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগের পর পুলিশি নজরদারি ও জিজ্ঞাসাবাদ বাড়ানো হলে তাদের তৎপরতা বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক মাস ধরে কয়েকজন চীনা নাগরিক উত্তরার আবাসিক এলাকা, বাজার ও অলিগলির দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন। এসব ভিডিওতে এলাকার পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও মানুষের জীবনযাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, মিয়ানমিয়ান নামের এক ভিডিওধারী উত্তরার টেকপাড়াকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সেখানকার বাড়িঘর সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। অন্যদিকে, ওয়াং ওয়েই নামের আরেক চীনা নাগরিক স্থানীয় চায়ের স্বাদ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও ডুইনে এসব ভিডিও প্রকাশ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ শুরু করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, চীনা নাগরিকদের কর্মকাণ্ড নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তাঁদের চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় বাংলাদেশে অবস্থান করে তাঁরা কী ধরনের কার্যক্রম চালাচ্ছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরা ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকা ঘুরে আগের মতো চীনা নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁদের আনাগোনা চোখে পড়ছে না।
তবে পুলিশের নজরদারির কারণে তাঁরা এলাকা ছেড়েছেন, নাকি অন্য কোনো কারণে তাঁদের দেখা যাচ্ছে না—তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বিদেশি নাগরিকদের ভিসার শর্ত মেনে চলা এবং স্থানীয়দের ব্যক্তিগত পরিসর ও মর্যাদা রক্ষার বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার কথা বলছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/এজে