বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় তাঁদের অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগে পড়তে হয়।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি অন্যান্য বেতন-ভাতাও বাড়ানোর দাবি জানান তাঁরা। এসব দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের চেষ্টায় বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে স্থানীয় শিল্পাঞ্চলেও। মৌচাক ও আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
সদ্য সংবাদ/এজে