দীর্ঘদিনের শিক্ষকতা পেশা ছেড়ে এবার জনপ্রতিনিধি হওয়ার পরিকল্পনা করছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি থেকেই তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি উপজেলার এওয়াজপুর ইউনিয়নের। চাকরি ছাড়ার আবেদন করা ওই শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো অবসরের আবেদনে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত।
স্থানীয়ভাবে জানা গেছে, এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিন মাসুম এর আগেও ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।
সরকারি চাকরিতে থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার বিধিনিষেধ থাকায় নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে চাকরি থেকে সরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় যোগ দেওয়া এই প্রধান শিক্ষকের কর্মজীবনের অবসান ঘটতে যাচ্ছে প্রায় ৩৫ বছর পর।
আবেদনে তিনি অবসর-উত্তর ছুটি বা পিআরএল গ্রহণ না করে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর নেওয়ার অনুমতি চেয়েছেন।
তবে নিজের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সিরাজ উদ্দিন মাসুম। তিনি জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণেই অবসরের আবেদন করেছেন। নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানতে চাইলে বলেন, সময় হলে দেখা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
সদ্য সংবাদ/এসএস