চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই গরু উদ্ধারের ঘটনায় মোঃ ডালিম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে ডালিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাই সন্দেহে দুটি গাভী উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডালিম ওই গ্রামের এমরান আলীর ছেলে।
উদ্ধার হওয়া গরু দুটির মধ্যে একটি লাল রঙের, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। অন্যটি কালচে লাল রঙের, যার মূল্য প্রায় ৯৫ হাজার টাকা। সব মিলিয়ে গরু দুটির আনুমানিক দাম ২ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই রাজীব উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ডালিমের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চুরি ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে নাচোল থানা। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এজে