জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি যুক্তি দেন, মামলার ঘটনার আগেই নুরুল ইসলাম নাহিদ রাজনীতি ও পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। তাঁর বয়স ও শারীরিক অবস্থার কারণে রাজপথে মিছিল কিংবা নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতি নেই। তিনি বয়স্ক ও অসুস্থ হওয়ায় জামিন পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কাও নেই বলে আদালতকে জানান আইনজীবী।
তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ আবেদনের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন আবেদনটি নাকচ করে দেন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় আন্দোলনকারীদের মারধর ও গুলি করা হয়। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন, ২০ জুলাই, তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
সদ্য সংবাদ/এজে