ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসেননি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশে অবস্থান করেও দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন তিনি। পতিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশজুড়ে পরিকল্পিত নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে রিজভী বলেন, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়লেও তাঁর রাজনৈতিক অবস্থান ও আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলটির নেতাকর্মীদের বাড়িঘর, যানবাহন, পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়ে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অর্থায়ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরে গণতান্ত্রিক ও আইনি পথ অনুসরণ করছে। আগের সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর অভিযোগ, ভারতের পেট্রাপোল সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতার বৈঠক হয়েছে।
বক্তব্যে রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো জায়গা হওয়া উচিত নয়। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেনসহ সংগঠনের নেতারা।
সদ্য সংবাদ/এসএস