রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কায় নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
বৃহস্পতিবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।
সদ্য সংবাদ/এসকে