আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক আসামি। রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে ফিরছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে গাড়িটি নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান।
পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যান। এ সময় সুযোগ বুঝে তাদের চোখ এড়িয়ে রাজা সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
পলাতক রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সদ্য সংবাদ/ এআর