চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৯:১৪

দখলবাজি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটির মতে, দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে যাঁরা জড়িত, তাঁদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সারাদেশে দলের ভেতরে আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি।

নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে রাতের বেলায় পুলিশের উপস্থিতিতে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হওয়া এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাড্ডা এমসিএইচ-এফপিতে হামলা, লুটপাট ও জবরদখলের ঘটনা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁর প্রশ্ন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কী বার্তা দিচ্ছেন।

ইফতেখারুজ্জামান বলেন, রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড জনগণের কাছে নেতিবাচক বার্তা বহন করছে। অতীতের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণের স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। এমন বাস্তবতায় বিএনপির নীতিনির্ধারকেরা দলের একাংশের দখলবাজি ও চাঁদাবাজির ধারাবাহিকতার সম্ভাব্য পরিণতি নিয়ে ভাবছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকেই বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ সামনে আসছে। রাজনৈতিক পরিবর্তনের পর দলের তৃণমূলসহ বিভিন্ন স্তরের কিছু নেতাকর্মীর বেপরোয়া আচরণ গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ বদলের বিষয়টিও বিবৃতিতে তুলে ধরা হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট ও খুলনার প্রধান টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট সংযোগ এবং বর্জ্য সংগ্রহের ব্যবসাতেও এর প্রভাব দেখা গেছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এমন নিয়ন্ত্রণের পরিবর্তন ঘটেছে। এসব দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক সময় সংঘাতের রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজির ধরন নিয়েও প্রশ্ন তোলেন টিআইবির নির্বাহী পরিচালক। তাঁর বক্তব্য, দৈনিক, মাসিক ও এককালীন চাঁদা আদায়ের অভিযোগ অব্যাহত রয়েছে। এর মধ্যেই সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে ‘দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’ হিসেবে একাধিকবার উল্লেখ করলেও তাঁর এমন বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে দখল ও চাঁদাবাজি আরও স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে হামলার ঘটনাকে একই ধারার অংশ হিসেবে দেখছে টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা। তাঁর মতে, এসব ঘটনা সরকারের ইতিবাচক উদ্যোগ ও সদিচ্ছার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

তিনি বলেন, দুর্নীতিবিরোধী নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি সরকার সত্যিই অঙ্গীকারবদ্ধ হলে এখনই কার্যকর আত্মশুদ্ধির উদ্যোগ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের সুযোগ সংকুচিত হতে পারে। একই সঙ্গে স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বিবৃতিতে টিআইবি জানায়, দলীয় নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে দলের উচ্চপর্যায় বিব্রত হওয়ার পর বহিষ্কারসহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সংস্থাটির মতে, এসব অপতৎপরতা ঠেকাতে কার্যকর প্রতিরোধমূলক কৌশলের ঘাটতি রয়েছে। ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের সরকারি দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি করেছে টিআইবি।

এ অবস্থায় স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি আবারও প্রতিষ্ঠা পাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে টিআইবি।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ