জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৫:১১
ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের ক্ষেত্রে যেসব বিধানে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সংসদে সংশোধনী বিল পাসের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে সেসব বিষয়ে গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। ডিসেম্বরের মধ্যে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে দেওয়ার লক্ষ্য রয়েছে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংশোধনী বিল উত্থাপন করা হতে পারে।

রোববার জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা প্রধান বিরোধী দলকে কমিটিতে যুক্ত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।

কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা আড়াইটায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত। এতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের পক্ষ থেকে সভায় অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সমকালের সম্পাদক শাহেদ মো. আলী, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমাদ, সাবেক গণমাধ্যম কমিশনের প্রধান কামাল হোসেন, বিপিজেএ সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোসহ ২৬ জন সাংবাদিক প্রতিনিধি।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্পাদকদের অনেকে বিরোধী দলের সদস্যদের বিশেষ কমিটিতে যুক্ত করার উদ্যোগ আরও জোরালো করার পরামর্শ দিয়েছেন। তাঁর ভাষ্য, সরকার এ বিষয়ে একমত এবং সংসদ অধিবেশন চলাকালীন ও পরবর্তী সময়েও বিরোধী দলকে কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা যেকোনো সময় এলে তাদের স্বাগত জানানো হবে। বিরোধী দলের অংশগ্রহণ থাকলে দলটির উত্থাপিত বিভিন্ন প্রস্তাবও আলোচনায় অন্তর্ভুক্ত করা সহজ হতো বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এর পাশাপাশি নির্বাচনী ইশতেহার এবং ঐকমত্যের ভিত্তিতে উঠে আসা প্রয়োজনীয় অন্যান্য প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে। এসব বাস্তবায়নে সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের পথ নেওয়া হবে।

গণভোটের সাংবিধানিক ভিত্তি ব্যাখ্যা করতে গিয়ে বিশেষ কমিটির সভাপতি বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর উচ্চ আদালতের আদেশে ১৪৮ অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় গণভোটের বিষয়টি আবার সংবিধানে ফিরে এসেছে বলে তিনি জানান।

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, সংবিধানের প্রতিটি সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে না। তবে প্রস্তাবনা, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদের মতো নির্দিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট আয়োজন বাধ্যতামূলক হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ বিএনপির প্রস্তাবিত অতিরিক্ত অনুচ্ছেদগুলো ভবিষ্যতে সংশোধন করতে গেলেও গণভোটের প্রয়োজন হবে বলে জানান তিনি।

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অগ্রাধিকার জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাওয়া ইশতেহারের প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় নেওয়া হবে। এর উদাহরণ হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। এ বিষয়ে বিরোধী দলও জাতীয় ঐকমত্য কমিশনে একমত ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন। বিশেষ কমিটিতে প্রধান বিরোধী দলের পাঁচ সদস্যকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, এতে সংশোধন প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষের মতামত প্রতিফলনের সুযোগ বাড়বে।

আলোচনায় রাষ্ট্রপতি যাতে কোনো পরিস্থিতিতেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে না পারেন, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শও আসে। একই সঙ্গে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ার বাইরে রাখার বিষয়টি বিবেচনার কথা বলা হয়।

সাংবাদিকেরা প্রধানমন্ত্রীর ক্ষমতার একচ্ছত্রতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলের প্রধানের পদ আলাদা করা, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ এবং সংবিধানে থাকা ন্যায়পাল পদ দ্রুত কার্যকর করার দাবিও উঠে আসে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালু হলে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন কয়েকজন বক্তা। তবে এর ফলে রাষ্ট্রের ব্যয় বাড়বে কি না, সে প্রশ্নও তোলা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির অধীনে দেওয়ার প্রস্তাবও আসে।

একটি ইংরেজি দৈনিকের সম্পাদক নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি একটি ‘সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব দেন। একই সঙ্গে ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দের পরিবর্তে শুধু ‘প্রজাতন্ত্র’ ব্যবহারের পক্ষে মত দেন তিনি।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ সদ্য. জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধনী বিল, পাসের পর গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা সদ্য. চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা সদ্য. আশুলিয়ায় ‘ট্রাস্টের সম্পত্তি’ দখল নিতে মাদ্রাসায় সশস্ত্র হামলা-লুটপাট সদ্য. আবারও উত্তাল ভারত, যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সদ্য. হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেটকে হেনস্তার অভিযোগ