চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারের পর জামালপুরে যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে জামালপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান ইলির সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন অনাচারে জড়িত থাকার কারণে সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রবিউল হাসান সোহাগকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সোহেল রানা খানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার যুবদল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজীব খানও সোহাগের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহাগ যে অপরাধ করেছেন, তার দায়ভার তাঁকেই নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করবে।
এর আগে শনিবার রাতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের একটি অভিযানে সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। চোরচক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রশিদপুর পাকুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দাম রিমান্ডে পুলিশের কাছে সোহাগের বিষয়ে তথ্য দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা দাবি করেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির বিষয়টি মূলত সোহাগ দেখভাল করতেন।
গোয়েন্দা পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন সোহাগ। তিনি একটি চোরচক্রও পরিচালনা করতেন বলে পুলিশের দাবি। অভিযানের পর শনিবার রাতেই তাঁর মাধ্যমে বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
সদ্য সংবাদ/ এআর