বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায়

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৮:০৭
ছবি: সংগৃহীত

জমির দলিল বৈধ, কাগজপত্রও ঠিকঠাক। কিন্তু সেই দলিলের সার্টিফায়েড কপি পেতে সরকারি ফির কয়েক গুণ বেশি অর্থ গুনতে হচ্ছে বগুড়ার সাধারণ মানুষকে। জেলার ১২টি উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চলতি বছরের প্রথম আট মাসে নকল সরবরাহ থেকে সরকারের রাজস্ব এসেছে ২ কোটি ৩১ লাখ টাকা। অথচ অনুসন্ধানে উঠে এসেছে, নির্ধারিত ফির বাইরে একই সময়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে আদায় করা হয়েছে ৮ কোটি টাকার বেশি।

বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, সরকারি ফি ও পারিশ্রমিকের তালিকা প্রকাশ্যে টাঙানো থাকলেও বাস্তবে তার সঙ্গে মিলছে না আদায়ের পরিমাণ। তালিকায় কয়েক শ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ফি নির্ধারিত থাকলেও একটি দলিলের সার্টিফায়েড কপি নিতে কোথাও ২ হাজার ১০০, কোথাও ২ হাজার ৭০০, আবার কোথাও ৩ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

কাহালু সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বোনের জমির দলিলের নকল তুলতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন গণমাধ্যমকর্মী খালেদ সিদ্দিকী। তাঁর দলিলের জন্য সরকারি ফি ছিল ১ হাজার টাকা। কিন্তু তাঁর কাছে ২ হাজার ৭০০ টাকা দাবি করা হয়। পরে তিনি গণমাধ্যমকর্মী পরিচয় দিলে ১ হাজার ৫০০ টাকায় কাজ করে দেওয়ার কথা বলা হয়। এ সময় রসিদ চাইলে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয় বলে জানান তিনি।

নকল বাবদ সরকারের রাজস্ব।

একই কার্যালয় থেকে সম্প্রতি জমির সার্টিফায়েড কপি নেন কাঁচামালের আড়তদার বিপলু ও রেস্টুরেন্ট ব্যবসায়ী হাসান আলী। তাঁদের দলিলের নথি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিটির জন্য সরকারি ফি ৬২৫ টাকা। অথচ তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে ২ হাজার ৭০০ টাকা করে। দুজনের দাবি, এর আগেও জমির নকল তুলতে একই পরিমাণ অর্থ দিতে হয়েছে।

অর্থাৎ কাহালুতে একটি দলিলের নকলের জন্য সরকারি ফি এক হলেও বাস্তবে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি। অভিযোগ রয়েছে, সরকারি ফির অতিরিক্ত এই অর্থের বিপরীতে কোনো রসিদও দেওয়া হয় না।

গাবতলী সাব-রেজিস্ট্রার কার্যালয়েও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। প্রায় ১৫ দিন আগে সেখানে দলিলের নকলের জন্য ২ হাজার ১০০ টাকা দিয়ে অপেক্ষা করছিলেন এক বৃদ্ধ। সরকারি ফির বাইরে এত টাকা কেন দিতে হয়েছে জানতে চাইলে তিনি জানান, কার্যালয়ে কাজ করাতে এভাবেই অর্থ দিতে হয়েছে।

বগুড়া সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল তোলার খরচ জানতে দলিল লেখকদের সহকারীদের সঙ্গে কথা বললে তাঁরা একটি সার্টিফায়েড কপির জন্য ৩ হাজার টাকা লাগবে বলে জানান। সরকারি ফি সম্পর্কে কোনো তথ্য না দিয়ে তাঁরা নিজেদের নির্ধারিত ‘রেট’ উল্লেখ করেন।

অনুসন্ধানে জানা গেছে, বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিলের নকলের জন্য ৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কাহালুতে এই হার ২ হাজার ৭০০ টাকা। সারিয়াকান্দি ও সোনাতনায় নেওয়া হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। কাহালু-নন্দীগ্রামে অন্তত ২ হাজার টাকা এবং শেরপুর ও শিবগঞ্জে একটি সার্টিফায়েড কপির জন্য অন্তত ৩ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন কার্যালয়ে অনুসন্ধানে আরও দেখা গেছে, সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। দলিল লেখক, নকলনবিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশের মধ্যে এ নিয়ে অলিখিত সমঝোতা রয়েছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। কার্যালয়ভেদে নির্ধারণ করা হয়েছে আলাদা ‘রেট’, আর সেই হারেই অর্থ দিতে হচ্ছে তাঁদের।

অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি সংশ্লিষ্টদের কাছেও অজানা নয় বলে অনুসন্ধানে উঠে এসেছে। বগুড়া সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান বলেন, সরকারি নির্ধারিত পারিশ্রমিকে তাঁদের পোষায় না। এ কারণে তাঁরা নিজেদের মতো করে অতিরিক্ত পারিশ্রমিক নির্ধারণ করেছেন।

প্রতিটির নকলের সরকারি ফি ৬২৫ টাকা।

বগুড়া জেলা রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ৪৮ হাজার ৩৮৫টি দলিলের সার্টিফায়েড কপি বা নকল নেওয়া হয়েছে। এসব সেবা থেকে সরকারি কোষাগারে জমা পড়েছে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮০৭ টাকা।

অনুসন্ধানে পাওয়া বিভিন্ন কার্যালয়ের অতিরিক্ত আদায়ের হার এবং একই সময়ে নকল উত্তোলনের সংখ্যা বিবেচনায় নিয়ে করা হিসাবে দেখা যায়, সরকারি ফির বাইরে সেবাগ্রহীতাদের কাছ থেকে আদায় করা অর্থের পরিমাণ ৮ কোটি টাকার বেশি।

তবে সার্টিফায়েড কপি বা নকল সরবরাহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দেওয়া বহু সেবার মধ্যে একটি মাত্র। দলিল নিবন্ধন, তল্লাশি ও পরিদর্শন, পাওয়ার অব অ্যাটর্নি, দান বা হেবা, বণ্টননামা এবং বন্ধকসহ বিভিন্ন কাজেও সরকার নির্ধারিত ফি ও সম্মানী রয়েছে। এসব সেবার ক্ষেত্রেও নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কেজিএম ফারুক বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অজুহাতে অসহায় মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাঁর দাবি, প্রতি মাসে অর্ধকোটি টাকার বেশি ঘুষ নেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে তাঁরা এসব দুর্নীতির বিষয় তুলে ধরলেও কিছু অসাধু কর্মকর্তা অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করছেন না বলে অভিযোগ করেন তিনি।

তবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কয়েকটি কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। বগুড়া সদর সাব-রেজিস্ট্রার অনিমেশ কুমার পাল, কাহালু ও গাবতলীর সাব-রেজিস্ট্রার কাইউম মজুমদার এবং শাজাহানপুরের সাব-রেজিস্ট্রার শাকিব রায়হান শরীফ তাঁদের কার্যালয়ের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।

বগুড়া জেলা রেজিস্ট্রার মো. সিরাজুল করিম বলেন, দলিলের সার্টিফায়েড কপি বা নকল সংগ্রহের জন্য প্রতিটি খাতে সরকারি ফি নির্ধারিত আছে। একইভাবে দলিল লেখকদের জন্যও নির্দিষ্ট সম্মানী রয়েছে। এর বাইরে কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই। সূত্র: এশিয়া পোস্ট

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল